Spread the love

আসিফ রেজা আনসারী

 

বহু ধর্মপ্রাণ মুসলিম তাঁর কষ্টার্জিত সম্পত্তি কওমের উন্নয়নের জন্য ‘ওয়াকফ’ করেন, শুধুমাত্র আখেরাতে পুণ্য লাভের আশায়। এবার সেইসব সম্পত্তিতে নজর বিজেপি সরকারের। বলা চলে মুসলিমদের দানকৃত সম্পত্তির উপর সরকারি থাবা বসাতে চাইছে কেন্দ্র। নয়া আইনে ওয়াকফ বোর্ডের আর কোনও অবাধ ক্ষমতা থাকবে না। দেশে প্রথম ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাস হয়। তারপর ১৯৯৫ আইন আসে। ২০১৩ সালে কিছুটা পরিবর্তন এবং পরিমার্জন করা হয়। সেখ ানেই থাবা বসাতে চাইছে মোদি সরকার। এটা যাতে রুখে দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে রাহুল গান্ধিকে চিঠি লিখল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক আইনজীবী আশফাক আহমেদ

জানা গিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত দেশে প্রায় ১ লক্ষ একরেরও বেশি জমি ওয়াকফ বোর্ডের অধীনে আছে। ১৯৯৫ সালের আইনের পর ২০১৩ সালে ইউপিএ সরকার আমলে ওয়াকফ বোর্ডকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়। কিন্তু ওয়াকফ বোর্ডের সেই এক্তিয়ার এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করতে নতুন বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ওয়াকফ আইনের প্রায় ৪০টি সংশোধনী আনার ভাবনা-চিন্তা করছে বিজেপি সরকার।

এ নিয়ে আইনজীবী আশফাক আহমেদ বলেন, কেন্দ্র সরকার ওয়াকফ আইন সংশোধনী আনার যে প্রস্তাব করেছে, তার তীব্র বিরোধিতা করছি। এই সংশোধনী মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিপজ্জনক ও অপ্রয়োজনীয়। ওয়াকফ

সম্পত্তি মুসলিম সমাজের ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে ব্যবহৃত হয়। এই সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা মুসলিম সমাজের স্বতন্ত্র ও ধর্মীয় অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সরকারের প্রস্তাবিত সংশোধনী ওয়াকফ বোর্ডের স্বাধীনতা হ্রাস করবে এবং সরকারি হস্তক্ষেপ বাড়াবে। এটি মুসলিম সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলবে এবং তাদের ধর্মীয় ও সামাজিক অধিকার ক্ষুণ্ণ করবে। আমার মতে, সরকারের এই প্রস্তাবিত সংশোধনী মুসলিম সমাজের উপর অন্যায় এবং অযৌক্তিক চাপ সৃষ্টি করবে। আমরা এই সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি যে, মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য এই প্রস্তাবিত সংশোধনী প্রত্যাহার করা হোক।

তিনি আরও বলেন, বিল আটকাতে এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার রক্ষার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির কাছে আর্জি জানিয়েছি। তিনি বলেন, চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে লড়াইয়ের ময়দানে নামব।

Add to Comment